দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় আরও দুই দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। পরে এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ শনিবার (২১ নভেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সারাদেশে মোট ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুমিল্লায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। পরদিন মঙ্গলবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এমজে